পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, শিক্ষা সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী ও ভবিষ্যতমুখী করার লক্ষ্যে কাজ করছে উভয় দেশ। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিদল বিনিময়ও হয়েছে।

শিক্ষা খাতের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশি ৫০০ শিক্ষার্থীকে পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী সেখানে অধ্যয়ন শুরু করেছেন। পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা ও জ্ঞান বিনিময় কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনায় ‘নলেজ করিডোর’ উদ্যোগকে আরও কার্যকর করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে সংসদীয় পর্যায়ে যোগাযোগ বাড়াতে একটি বিশেষ পার্লামেন্টারি গ্রুপ গঠনের প্রস্তাবও তুলে ধরা হয়।

বৈঠকে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। এ সময় ডা. শফিকুর রহমান আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *