
বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ। তিনি বলেন, কোনো নির্দিষ্ট হুমকি না থাকলেও সম্ভাব্য নাশকতা মোকাবিলায় বিশেষ কমান্ডো বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি জানান, উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সারাদেশে ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে এবং নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত এলাকায় সক্রিয় থাকবে র্যাব সদস্যরা। এ সময় ১৮১টি পিকআপ টহল দল ও ১২৭টি মোটরসাইকেল টহল দলসহ মোট ৩০৮টি টহল দল মাঠে কাজ করবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূল-এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় চেকপোস্ট ও পর্যবেক্ষণ পোস্ট স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
এছাড়া সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও প্রশিক্ষিত কুকুর দল দিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কমান্ডো বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।
পাশাপাশি সারাদেশে নিয়ন্ত্রণ কক্ষ, পদাতিক টহল, সিসিটিভি পর্যবেক্ষণ এবং অতিরিক্ত রিজার্ভ ফোর্স মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছে র্যাব।













Leave a Reply