ছেঁড়া-ফাটা নোট গ্রহণে বাধ্যতামূলক নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা

দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এসব নোট গ্রহণ ও বিনিময় সেবা সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ছেঁড়া-ফাটা নোটের ফাইল ছবি

রোববার (১২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ মানুষের স্বাভাবিক নগদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের সব শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং এর পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহের সেবা চালু রাখতে হবে। তবে বাস্তবে এখনো বাজারে এমন নোটের আধিক্য দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট নীতি’ কার্যকর করতে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার ছোট মূল্যমানের নোট নিয়মিতভাবে গ্রহণ করে নির্ধারিত বিশেষ কাউন্টারের মাধ্যমে বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, এসব নোটের পরিবর্তে গ্রাহকদের ব্যবহারযোগ্য নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট দিতে হবে। কোনো ব্যাংক শাখা এ ক্ষেত্রে গাফিলতি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *