পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের প্রাণহানির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার (২৮ মে) সকালে কলেজপাড়া সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন তামিম (১৫) ও মো. ফয়সাল (১৬)। ফয়সাল তামিরুল মিল্লাত মাদরাসার শিক্ষার্থী ছিলেন। তারা গলাচিপা পৌরসভার শ্যামলীবাগ এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়দের বরাতে জানা যায়, কালিকাপুর দিক থেকে আসা মোটরসাইকেলটি দ্রুতগতিতে গলাচিপার দিকে যাচ্ছিল। এ সময় একটি অটোরিক্সা রাস্তা পার হয়ে পাশের গলিতে ঢোকার চেষ্টা করলে দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় ফয়সালকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনায় অটোরিক্সা চালক সোহাগ হাওলাদার ও যাত্রী ফরিদ হাওলাদার গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই দুর্ঘটনার পর শ্যামলীবাগসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়দের অনেকেই সড়কে বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।














Leave a Reply