শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, জানাল মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা চিফ অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়েছে। অ্যাকাউন্টস অফিস থেকে বৈশাখী ভাতার অনুমোদন দিলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তা শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে পাঠানো হবে।

সোমবার (১৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্র জানিয়েছে, চিফ অ্যাকাউন্টস অফিসে যোগাযোগ করা হচ্ছে। আজ দুপুরের মধ্যে অ্যাকাউন্টস অফিস থেকে বৈশাখী ভাতার প্রস্তাব অনুমোদনের কথা রয়েছে। অনুমোদন হলে সন্ধ্যায় অনেক অনেক শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে ভাতার টাকা যেতে পারে।

জানতে চাইলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) মোহাম্মদ মনির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আশা করছি আজ শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার মেসেজ পাবেন। কোনো কারণে আজ না পেলে আগামী বুধবার তারা ভাতার টাকা পাবেন।’

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩৮৮ হাজার টাকা ছাড় হয়েছে। এর মধ্যে ১২৯ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ২৭৬ টাকা স্কুলের শিক্ষক-কর্মচারীদের জন্য আর ৫২ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১২ হাজার টাকা কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য দেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *