লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত এলাকায় গভীর রাতে চোরাকারবারিদের গতিবিধি ঠেকাতে সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পুরো ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা সন্দেহজনক চলাচল লক্ষ্য করেন। পরে সীমান্তের পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একটি দলকে ভারতীয় সীমান্তের দিক থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়।
বিজিবির টহল দল তাদের থামার সংকেত দিলে অভিযুক্তরা তা উপেক্ষা করে সামনে অগ্রসর হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে টহল কমান্ডারের নির্দেশে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
ফাঁকা গুলির শব্দে ওই দলটি দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। পরে বিজিবি সদস্যরা পুরো এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় কিছুটা সতর্কতা তৈরি হয়েছে।














Leave a Reply